নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজারে ‘পাগল নাথ মিষ্টি ভান্ডার’ নামের একটি মিষ্টির দোকানকে ঘিরে মাদক সেবন ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মিষ্টির ব্যবসার আড়ালে দোকানটির ছাদ ও সংলগ্ন একটি কার্যালয়ে নিয়মিত মদপান ও আড্ডার আসর বসে। এসব কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় দীপক কুমার মনা ওরফে ‘সুইট মনা’ এবং তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে দোকানটির ছাদে প্রকাশ্যে মদপান ও আড্ডা চলে। অভিযোগ রয়েছে, মনার সঙ্গে থাকা কয়েকজন সহযোগীও এসব কর্মকাণ্ডে যুক্ত। দোকানের পাশের একটি নিজস্ব কার্যালয়েও মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ ও ‘চাপাটি’ বাবুল নামে দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
মাদক সেবনের অভিযোগে ক্ষুব্ধ পাগলা বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিষ্টির দোকানের ছাদে রাত-বিরাতে লোকজনের আনাগোনা ও আড্ডা নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচিতি ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা এলাকায় নিজেদের একটি প্রভাববলয় তৈরি করেছেন। ফলে প্রকাশ্যে অভিযোগ থাকলেও অনেকে বিষয়টি নিয়ে কথা বলতে সাহস পান না বলেও দাবি করেছেন কয়েকজন ব্যবসায়ী।
পাগলা বাজারের ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের দাবি, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করা প্রয়োজন। তারা বলছেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে যদি সত্যিই মাদক সেবন, মদপান কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও প্রয়োজনীয় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।