বরগুনার আমতলীতে নিবন্ধনবিহীনভাবে স্কুল ও নৈশ কোচিং পরিচালনার অভিযোগে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) আমতলী । একই বিদ্যালয়ে নৈশ কোচিং চলাকালে আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পর এ অভিযান চালানো হয়।
বুধবার (০৯সেপ্টেম্বর) আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নৈশ কোচিং করার সময় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর আনা আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করা হয়। আমতলী পৌরসভার সহায়তায় মোঃ আশরাফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) আমতলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির পৌরসভার নিবন্ধন না থাকার বিষয়টি উঠে আসে।

অভিযান পরিচালনাকারীরা জানান, নিবন্ধন ছাড়াই স্কুল ও নৈশ কোচিং পরিচালনার অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, আখরোট খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজন শ্বাসকষ্ট, বমি ও অস্থিরতায় ভুগছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আখরোট খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রশ্ন, নিবন্ধন না থাকা সত্ত্বেও কীভাবে বিদ্যালয়ে নিয়মিত স্কুল ও নৈশ কোচিং কার্যক্রম চলছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি ছিল কি না-তা তদন্ত করে দেখা প্রয়োজন।