অনুপস্থিত থেকে হাজিরা খাতায় আগাম স্বাক্ষর এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে না আসার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের (এসি ল্যান্ড) কার্যালয়ে এক আকস্মিক পরিদর্শন চালান প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেখতে পান, নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুটি সার্কেল অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে পৌঁছাননি। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তাদের অনুপস্থিতি সত্ত্বেও হাজিরা খাতায় অনেকের আগাম স্বাক্ষর দেওয়া ছিল।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা আগে থেকেই দেওয়া হয়ে গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়মের ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
জনসেবার মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “জনগণই দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মচারীদের অর্পিত দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো উপস্থিতি, আন্তরিকতা ও পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। শুধু শাস্তিমূলক ব্যবস্থা নিলেই চলবে না, সরকারি কর্মচারীদের সেবাদানের মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে।”
এছাড়া পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসে। তিনি উল্লেখ করেন, একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করা নারী কর্মকর্তাদের সুরক্ষায় দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।