নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের এক ছাপাখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে সদর মডেল থানাধীন এসএম মালেহ রোডের ‘রিভারভিউ কমপ্লেক্স’-এর নিচতলায় অবস্থিত ‘জিএম ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশ শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান সংবলিত ৮০টি কালো টি-শার্ট এবং ৪০টি লেমিনেটেড স্টিকার উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জিএম ট্রেডার্সের মালিক মো. রাকিবুল হাসান (৩২), শিহাব আহম্মেদ আরাফাত (২৮), মো. সামির হোসেন খান (২৬) এবং মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯)। এদের মধ্যে জিহাদ হোসেনের বাবা জামির হোসেন রনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ। অভিযান চলাকালে সংঘবদ্ধ চক্রটির আরও ৬-৭ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নির্দেশে এসআই রমজান হোসেন ও এসআই সেলিম মিয়ার নেতৃত্বাধীন একটি টিম ওই ছাপাখানায় অভিযান পরিচালনা করে। আলামত হিসেবে জব্দ করা টি-শার্টগুলোর মধ্যে ৭০টিতে স্লোগান ও ছবি ছাপা ছিল এবং ১০টি ছিল ছাপাবিহীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর (ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ) রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় চাঙা করা ও প্রচার-প্রচারণার লক্ষ্যে এসব সামগ্রী তৈরি করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।