মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

ইমন হত্যা মামলার বাদীর ওপর সশস্ত্র হামলা, আবারও আলোচনায় ‘কিলার জাহিদ’

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলার বাদী ও নিহতের বাবা ওমর খৈয়াম (৭০)-এর ওপর সশস্ত্র হামলার ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসা প্রধান আসামি জাহিদ ও তার সহযোগীরাই এ হামলা চালিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার পর হামলাকারীরা গুলি ছুড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, আহত ওমর খৈয়ামকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কয়েকজন মুখোশধারী ব্যক্তি হঠাৎ ওমর খৈয়ামের বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন বহুল আলোচিত জাহিদ, যিনি পরিচয় গোপন করতে বোরকা পরে এসেছিলেন। বাড়িতে ঢুকেই তারা ওমর খৈয়ামকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

 

পরিবারের দাবি, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় ওমর খৈয়াম ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জাহিদসহ তার বাহিনীর একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বাদীকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকিরই ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ।

 

এলাকাবাসীর ভাষ্য, জাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একাধিক হত্যা মামলার অভিযোগে তিনি স্থানীয়ভাবে ‘কিলার জাহিদ’ নামে পরিচিত। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, র‌্যাব সদস্যদের আহত করা, পুলিশের অভিযানে বাধা দেওয়া, এমনকি অস্ত্র ব্যবহার করে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই গ্রেপ্তারের বাইরে রয়েছেন।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জাহিদকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করে অবস্থান পরিবর্তন করেন। এ কারণে তাকে আটক করা কঠিন হয়ে পড়েছে। তবে তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং বাদী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর