নেত্রকোনার কলমাকান্দা সদর উপজেলার পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম, দায়িত্বহীনতা ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, পাঠদানে অবহেলা এবং বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতার অভাবে প্রতিষ্ঠানটি এখন প্রায় শিক্ষার্থীশূন্য অবস্থায় পৌঁছেছে।
সম্প্রতি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা নুর মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরেন।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০ জন এবং শিক্ষক রয়েছেন ৫ জন। কিন্তু বাস্তবে শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র তিন থেকে চারজন। এমনকি কোনো কোনো শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতিই দেখা যায় না।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচজন শিক্ষকের মধ্যে চারজন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং একজন প্রশিক্ষণে ছিলেন। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম, যা স্থানীয়দের অভিযোগকে আরও আলোচনায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বছরের পর বছর নিয়মিত পাঠদান না হওয়ায় এবং শিক্ষকদের দায়িত্বশীলতার অভাবে অভিভাবকরা সন্তানদের অন্য বিদ্যালয় ও মাদরাসায় ভর্তি করতে বাধ্য হয়েছেন। তাদের ভাষ্য, “স্কুলে নিয়মিত পাঠদান ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিত হলে শিক্ষার্থীরাও ফিরত।”
এছাড়া বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্বজনপ্রীতির মাধ্যমে গোপনে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত নেওয়া হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছির উদ্দিন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে। তার দাবি, অভিভাবকদের অনাগ্রহ এবং শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়াই বর্তমান সংকটের অন্যতম কারণ। তিনি জানান, শিক্ষার্থী বাড়াতে শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছেন।
অন্যদিকে স্থানীয়দের দাবি, এটি সাময়িক সমস্যা নয়; দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফলেই বিদ্যালয় আজ সংকটে পড়েছে।
অভিভাবক ও এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে বিদ্যালয়টি ভবিষ্যতে পুরোপুরি কার্যক্রম হারানোর ঝুঁকিতে পড়তে পারে।