নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দারোয়ানের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ অভিযোগ তোলেন ওই শিক্ষার্থীদের অভিভাবকরা। পরে এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি মিমাংসারও চেষ্টা করেছেন বলেও অভিযোগ অভিভাবকদের।
পরে পুলিশে খবর দিলে সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত দারোয়ানকে থানায় নিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে ওই এলাকার লোকজন ও শিক্ষার্থীদের অভিভাবকরা প্রতিষ্ঠানের ভেতর বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীদের স্বজনরা জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে পড়েন। তাকে এর আগেও অভিযুক্ত দারোয়ান যৌন নিপীড়ন করলেও তা বাড়িতে এসে কাউকে বলেনি। মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীকে নিপীড়ন করতে দেখে ফেলেন এক অভিভাবক।
আমার বোন কিছুটা অ্যাবনরমাল। এর আগেও তার সাথে এই ঘটনা ঘটলেও সে কাউকে জানায়নি। বিষয়টি আমরা আজ জানার পর শিক্ষকদের কাছে অভিযোগ জানাই। তারা বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করেন। একই সময় আরও কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অনেক পুলিশ ও র্যাবের লোকজন আছে। ভেতরে অনেকক্ষন তারা অবস্থান করেছেন। বাইরে লোকজন বিক্ষোভ করেছে। কেউ বের হতে পারেনি। পরে সন্ধ্যায় ওই দারোয়ানকে আটক করে নিয়ে যায় পুলিশ,” বলছিলেন ভুক্তভোগী শিক্ষার্থীর এক ভাই।
এ বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ভুক্তভোগীর স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “আমরা এখনো থানার পথে আছি। বিস্তারিত পরে জানানো হবে।