নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মামলার প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিক (বিপিএম) জানান, দীর্ঘদিন ধরে চলমান মামলার তদন্ত ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সালাউদ্দিন আহম্মদকে আটক হয়। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে সালাউদ্দিন আহম্মদকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জাসান গ্রেফতার হওয়ার পর পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহম্মদ। তিনি একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। ফলে তার গ্রেফতারের ঘটনায় এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এর আগে একই ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জাসানও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেলেও বর্তমানে আত্মগোপনে রয়েছেন।