নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (১৯ জুন) র্যাব-১১, আদমজীনগর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায়ও তার বসবাস ছিল বলে জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইলিয়াস হোসেন ওরফে জয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।