বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

ফতুল্লায় অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার শিশু তাকরিম, গ্রেফতার ২

মো. সোহেল আহমেদ / ১৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযানে অপহৃত শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, শিশুটির মা মোসাঃ মিম আক্তার (২৩) স্বামী তানজিমকে নিয়ে ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের সঙ্গে ছিল একমাত্র সন্তান তাকরিম (২)। প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তারা হাজী ইমান আলীর টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন।

 

এ ঘটনায় গ্রেফতার হওয়া মোঃ সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯) প্রায় এক মাস আগে একই বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। প্রতিবেশী হওয়ায় তারা নিয়মিত মিম আক্তারের বাসায় যাতায়াত করতেন এবং শিশু তাকরিমকে কোলে নেওয়া ও আদর করার মাধ্যমে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।

 

অভিযোগে বলা হয়, গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে শিশুকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন মিম আক্তার। এ সময় সুজন ও মাজেদা তার কক্ষে প্রবেশ করে শিশুটিকে আদরের কথা বলে কোলে নেয় এবং পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও শিশুর কোনো সন্ধান পাননি। পরে ১৪ জুন রাত ১টা ৫৩ মিনিটে একটি ইমু আইডি থেকে শিশুর মায়ের মোবাইলে কল করে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ফোনে বলা হয়— তোর বাচ্চা নিতে পারবি ১ লাখ টাকা লাগবে, নাটক করবি লাশ পেয়ে যাবি।”

 

ঘটনার পর শিশুর মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল স্থানীয় তথ্যদাতা ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।

 

অবশেষে ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা মডেল থানার চাষাড়া এলাকা থেকে অপহৃত শিশু তাকরিমকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণ চক্রের মূল সন্দেহভাজন সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর