নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে (মঙ্গলবার শুরুর প্রথম প্রহরে) সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁর গিরদাইন এলাকার মো. মুছা মিয়ার ছেলে মো. শাহিন (২৭) (বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়ায় বসবাসরত), গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২১) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)।
ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গোদনাইল নয়াপাড়ায় রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ এই তিনজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে মাদক ও যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।