সংসদ সদস্যের কথিত ‘পিএস’-এর গাড়ির চাকা ঘোরাতে হবে বিনামূল্যে! আর এজন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা ও দেখে নেওয়ার হুমকি। নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোতে সরকারি সম্পদ লুটপাটের এমন এক বেপরোয়া জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে শেষ রক্ষা হয়নি—কর্মকর্তাকে ক্রমাগত ভয়ভীতি দেখিয়ে প্রতি মাসে সাড়ে ৭২ হাজার টাকার অকটেন হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে রাশেদ আহম্মেদ (৫৪) নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোডের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের কার্যালয়ে দীর্ঘদিন ধরে একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন রাশেদ। তিনি নিজেকে তৎকালীন এক সংসদ সদস্যের পিএসের ঘনিষ্ঠ দাবি করে তার ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে ৫০০ লিটার অকটেন বিনামূল্যে সরবরাহের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। বর্তমান বাজারদরে (প্রতি লিটার ১৪৫ টাকা) যার মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা। সরকারি তেল এভাবে ব্যক্তিস্বার্থে বিনামূল্যে দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তাকে নানাভাবে হুমকি-ধমকি ও প্রশাসনিক চাপের মুখে ফেলা হয়।
ঘটনার চরম পরাকাষ্ঠা ঘটে গত ২ সেপ্টেম্বর। দুপুরে গোদনাইল ডিপোর এজিএমের কক্ষের দরজা ঠেলে ভেতরে ঢোকেন রাশেদ। সেখানে অবস্থানকালেই তিনি পুনরায় ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য টেবিল চাপড়ে চাপ সৃষ্টি করেন। তেল দিতে পুনরায় অস্বীকৃতি জানালে এজিএম মাহবুবর রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, চাকরিচ্যুত করা এবং তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার সরাসরি হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগী এজিএম নিজের নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলা দায়েরের পরপরই অভিযানে নেমে পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে জিম্মি করে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। রাশেদ আহম্মেদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার অন্তরালে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।