নারায়ণগঞ্জ মহানগর গণ-অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ভূইয়া ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে শফিকুল ইসলাম (৪৪), নবির হোসেন (৪৭) ও রাজা মিয়া (৫৬) নামে তিন ব্যক্তির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত অন্যান্যরা হলো- আরিফুল ইসলাম ভূইয়ার দুই ভাই আল-আমিন ভূইয়া ও সজীব ভূইয়া, সেন্টু ভূইয়াঁ, জামান মিয়া, আমজাদ হোসেনসহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জনৈক সফিউদ্দিন মিয়া ও সুমন আহম্মেদ এর ৬০ শতাংশ জমি শফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সুবেদ আলী, শহীদুল্লাহ, মোহাম্মদ আলী, জাকির হোসাইন সম্মিলিতভাবে রেজিষ্ট্রি বায়নায় ক্রয় করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অভিযুক্তরা দেশীয় অস্ত্র’সহ জোরপূর্বক অবৈধভাবে ভুক্তভোগীদের জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করলে তারা ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে। এসময় অভিযুক্তরা তাদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আহতরা নারায়ণগঞ্জ খানপুর (তিনশ শয্যা) হাসপাতালে চিকিৎসা নেয়।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা কয়েকজন মিলে একটি জমি এক কোটি ত্রিশ লক্ষ টাকায় বায়না রেজিষ্ট্রি সূত্রে মালিক হয়ে ভোগ-দখলে আছি। হঠাৎ আরিফুল ও তার দুই ভাই সহ আরো ১০/১২ জন মিলে আমাদের জমিতে সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করে। এতে বাধা প্রদান করায় তারা শফিকুল ইসলাম, নবির হোসেন ও রাজা মিয়ার উপর হামলা করে গুরুতর আহত করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে তাদের দ্বন্দ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।