নারায়ণগঞ্জের রূপগঞ্জের চোরচক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা, ৭টি হত্যা মামলাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি কালাই সবুজকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী ও একাধিক মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে এবং এজাজুল ভুলতা মাঝিপাড়া এলাকার মৃত শাহাদাতের ছেলে।
এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, দীর্ঘ ৩ মাসের নিবিড় নজরদারির পর রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।