সরকার পতনের পর সাময়িক আত্মগোপনে গেলেও নারায়ণগঞ্জের ফতুল্লায় ফের বেপরোয়া হয়ে উঠেছে যুবলীগ নেতা তুষার। বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মেম্বারের নিয়ন্ত্রিত ‘ভাগিনা বাহিনী’র অন্যতম ক্যাডার তুষারের অবাধ বিচরণ ও নতুন করে অপরাধমূলক তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাবুল মেম্বার ও ভাগিনা বাহিনীর প্রধান আল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান। আল ইসলাম ইতিমধ্যেই দেশত্যাগ করেছেন। তবে কয়েকদিনের মধ্যেই অলৌকিকভাবে দৃশ্যপটে ফিরে আসে ক্যাডার তুষার। এলাকাজুড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি সে এখন অপরাধের নেটওয়ার্ক পুনর্গঠনে নেমেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে শওকত আলী ও বাবুল মেম্বারের প্রত্যক্ষ ছত্রছায়ায় এই ভাগিনা বাহিনী বক্তাবলী ও আশপাশের এলাকায় ভূমিদস্যুতা, অবৈধ দখলদারিত্ব ও চাদাঁবাজির একক আধিপত্য কায়েম করে। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনেও তাদের অস্ত্র হাতে সক্রিয় দেখা গেছে।
বর্তমানে তুষারের বিরুদ্ধে নতুন করে মাদক সিন্ডিকেট পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, পাগলা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও বহু মামলার আসামি আখতার হোসেনের মেয়ের জামাই তুষার শ্বশুরের পুরানো নেটওয়ার্ক ব্যবহার করে মাদকের বিস্তার ঘটাচ্ছে।
এছাড়া, তুষার বর্তমানে আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের আইনি তথ্য প্রদানসহ থানা সংক্রান্ত নানা বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে জানা গেছে।