নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাণ আরএফএল কোম্পানীর এক সেলসম্যানকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লা থানাধীন উত্তর ভূইগড় এলাকার আমির হামজা জামে মসজিদ সংলগ্ন একটি হোটেলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবেশক (ডিস্ট্রিবিউটর) মোঃ ইমরান হোসেন শিমুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানীর পাগলা এলাকার ডিস্ট্রিবিউটর ইমরান হোসেন শিমুলের প্রতিষ্ঠানে চাকুরীরত ডেলিভারী ম্যান সাইফুল ইসলাম সাজু (৪০) বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে বকেয়া ও মালামাল বিক্রয়ের নগদ ৭৫,০০০ টাকা উত্তোলন করেন। দুপুর আনুমানিক তিনটার দিকে তিনি ভূইগড় এলাকার স্থানীয় একটি হোটেলে খাবার খেতে বসেন।
এ সময় ৩-৪ জনের একদল অজ্ঞাতনামা যুবক হোটেলের সামনে এসে অবস্থান নেয়। তাদের মধ্য থেকে ১ জন হোটেলে প্রবেশ করে ডেলিভারী ম্যান সাজুকে ধারালো চাকু প্রদর্শন করে হত্যার হুমকি দেয় এবং তার কাছে থাকা নগদ ৭৫,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করেন। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা মূল ছিনতাইকারী অস্ত্রধারীর নাম ‘সিফাত’ বলে শনাক্ত করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারসহ ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।