জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া ও মোল্লারচর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতানীপাড়া বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে, একই রাতে মোল্লারচর বিওপির একটি দল সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করলেও দুই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় মদের ঘটনায় ১৯ আগস্ট বুধবার পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।