রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় প্যারাডাইসের পরিত্যক্ত কারখানায় উদ্ধার গলিত মরদেহ, আটক ২ লাথির ভিডিও ভাইরাল: বিচার না পেয়ে উল্টো টিসি পেল সেই ৪র্থ শ্রেণির ছাত্রী ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফতুল্লায় ২ শতাংশ জমির জন্য আপন ৩ ভাইয়ের নির্যাতন! বিচার চাইলেন বোন মাজেদা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মার্কিন সিনেটর কড়া বার্তা সাংবাদিক নূরে আলমের বই ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের সাফল্যে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি পাটখাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে সমন্বিত উদ্যোগ জরুরি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

ফতুল্লায় প্যারাডাইসের পরিত্যক্ত কারখানায় উদ্ধার গলিত মরদেহ, আটক ২

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানার পরিত্যক্ত গোডাউন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকার ‘প্যারাডাইস কেবলস লিমিটেড’-এর গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে, বন্ধ কারখানার ভেতরের ক্যাবল ও মালামাল চুরি এবং চোর চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে বন্ধ গোডাউনটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল কাজ করলেও তাত্ক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, ঘটনাস্থল থেকে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুই তরুণকে আটক করেছে পুলিশ। আটক পারভেজ ময়মনসিংহের গফরগাঁও এবং পিয়াস জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনার পেছনে উঠে এসেছে ‘প্যারাডাইস কেবলস’-এর মালিকদের বর্ণাঢ্য অপরাধ ও জালিয়াতির ইতিহাস। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগরের চার ভাই মোবারক, মোশারফ, মজিবর ও মনিয়ার দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে নকল বৈদ্যুতিক তার তৈরির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হন। পুরান ঢাকায় ‘বিদ্যুৎ ইলেকট্রনিক্স’ নামে ছোট একটি দোকান থেকে ব্যবসা শুরু করে তারা সরকারি ‘স্টার্ন কেবলস’-এর নাম ও লোগো জাল করে নকল তার বাজারজাত শুরু করেন।

পরবর্তীতে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা গড়ে তোলেন ‘প্যারাডাইস কেবলস’। অভিযোগ রয়েছে, গাজীপুরে একটি স্পিনিং মিলের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২,৫০০ কোটি টাকা ঋণ জালিয়াতি করে এর একটি বড় অংশ কানাডা ও যুক্তরাষ্ট্রে পাচার করেন তারা। ব্যাংক ঋণ খেলাপি ও একাধিক মামলা দায়েরের পর চাষাড়ায় প্যারাডাইস ভবন, স্পিনিং মিলসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি ফেলে অভিযুক্ত ভাইয়েরা আত্মগোপনে চলে যান। অভিযোগ রয়েছে, অন্যতম অভিযুক্ত মোবারক দেশে অবস্থান করলেও নিয়মিত মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে গ্রেপ্তার এড়িয়ে চলছেন।

পলাতক মালিকদের সুযোগে চোর চক্রের উত্থান ও দ্বন্দ্ব: মালিকদের পলাতক থাকার সুযোগে ফতুল্লার কুতুবাইল এলাকার ওই বন্ধ গোডাউনটিতে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হয়ে ওঠে। প্রায় প্রতি রাতেই গোডাউনে ঢুকে মূল্যবান তার ও মালামাল চুরি করা হচ্ছিল।

স্থানীয়দের দাবি, এই চুরির মালামাল ও ভাগের বণ্টন নিয়ে সংঘাত বাধে স্থানীয় রবিন গ্রুপ এবং মাহবুব গ্রুপের মধ্যে। রবিন স্থানীয় চিহ্নিত অপরাধী মরহুম রহমতের ভাতিজা বলে পরিচিত। দীর্ঘদিন ধরে চলে আসা এই চোর চক্রের অভ্যন্তরীণ কোন্দল ও ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বের জেরে সংঘর্ষেই ওই অজ্ঞাত যুবকের মৃত্যু বা হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চুরির চক্র, চোরদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সম্ভাব্য হত্যাকাণ্ডের সব দিক মাথায় রেখেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর