অনলাইন ট্রেডিংয়ে অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা ও বর্তমানে ঢাকার আফতাবনগরে বসবাসকারী নাজমুল হোসেন (৪১) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা, বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার বাসিন্দা হাবিব মিয়া (৩০)।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইন-২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার মামলার তদন্তভার গ্রহণের পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই ঢাকার আফতাবনগরে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের সূত্র ধরে একই রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে চক্রের অন্যতম মূলহোতা হিসেবে অভিযুক্ত হাবিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়ী মো. নুর কামাল আজাদের সঙ্গে গত ২ মে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি যোগাযোগ করে নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এরপর অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে অল্প সময়ে বেশি লাভের প্রলোভন দেখিয়ে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে উদ্বুদ্ধ করা হয়।
প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগের পর অ্যাকাউন্টে কৃত্রিমভাবে লাভ দেখানো হলে বাদী আরও অর্থ বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন। পরে ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবে ধাপে ধাপে মোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা পাঠান। কিন্তু প্রতিশ্রুত অর্থ ফেরত না পেয়ে তিনি থানায় মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, গত ৩০ জুন মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণের পর অনুসন্ধানে উঠে আসে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন ট্রেডিংয়ের ফাঁদে ফেলতেন। প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে সংগ্রহ করে দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠানো হতো বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
এদিকে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের পুনরায় আদালতে পাঠানো হয়েছে। পিবিআই জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।