নেত্রকোণায় এক নারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সোলায়মান হোসেন আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং বাংলাদেশ আওয়ামী ওলামালীগের নেত্রকোণা জেলা কমিটির একজন সক্রিয় সদস্য।
এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্ত ওলামালীগ নেতার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।
লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার একজন নিয়মিত শিক্ষিকা। অভিযুক্ত শিক্ষক সোলায়মান হোসেন পূর্বে যখন নোয়াগাঁও মাদ্রাসায় কর্মরত ছিলেন, তখন থেকেই তিনি ওই শিক্ষিকাকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব ও অশালীন কথাবার্তা বলে আসছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তোপের মুখে তিনি ওই মাদ্রাসা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
তবে কর্মস্থল পরিবর্তন হলেও ভুক্তভোগীর ওপর হেনস্তার মাত্রা কমেনি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগী শিক্ষিকার স্বামীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষিকার দাবি, এর আগেও তিনি এই হয়রানির বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু সে সময় রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে সোলায়মান হোসেন পুরো বিষয়টি ধামাচাপা দেন। ফলে কোনো কার্যকর প্রতিকার তো মেলেইনি, উল্টো অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হেনস্তার মাত্রা আরও বাড়িয়ে দেন অভিযুক্ত শিক্ষক।
সর্বশেষ গত ২১ জুন ২০২৬ তারিখে নেত্রকোণা শহর থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকার পথরোধ করা হয়। সে সময় প্রকাশ্য রাস্তায় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পুনরায় শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার উপ-পরিচালক মো. শাহ্ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকায় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারিনি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ওলামালীগ নেতা মো. সোলায়মান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।