বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: নেপথ্যে ‘মাস্টারমাইন্ড’ কারা, উঠছে প্রশ্ন কেককেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন দলিল লেখক ও তল্লাশীকারক সমিতি সিদ্ধিরগঞ্জে গণ-অধিকার পরিষদ নেতা ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: নারায়ণগঞ্জে ৫ ভেন্যুতে লড়বে ৯০টি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অনুসন্ধানে দুদক: আমলনামা নিয়ে তোলপাড়  চড়া দামে অবৈধ টোল আদায়: নদীপথে নৈরাজ্যের অভিযোগে নৌযান মালিকদের ক্ষোভ মসজিদের কোটি টাকার হিসাব কোথায়? বাবুল-হেনা-রনি চক্র নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সু-সাংবাদিকতায় মুক্তি: -মৃধা বেলাল বন্দরে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আসামি ‘নয়ন গ্রুপ’ প্রধান নয়ন গ্রেফতার ৭ হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী কালাই সবুজ সহযোগীসহ গ্রেফতার

রক্ষকই ভক্ষক: দাউদকান্দিতে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বেচে দিল পুলিশ!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

জব্দকৃত বিপুল পরিমাণ মাদক কারবারিদের কাছেই পুনরায় বিক্রি করে দেওয়ার এক নজিরবিহীন অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। কাভার্ডভ্যান থেকে উদ্ধার হওয়া ১৬০ কেজি গাঁজা সরকারি খাতায় না তুলে গোপনে তা পাচারকারীদের হাতে তুলে দেওয়ার এই ঘটনা ধামাচাপা পড়েনি। এর জের ধরে গতকাল মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজ) করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

নেপথ্যে কী ঘটেছিল?

থানা ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অবস্থান করছিল। গোপন খবরের ভিত্তিতে সে সময় নৈশকালীন দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান গাড়িটিতে তল্লাশি চালান।

এসময় কাভার্ডভ্যানটি থেকে তিনটি বড় বস্তায় ভর্তি আনুমানিক ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন ওই দুই কর্মকর্তা। তবে আইন অনুযায়ী তা জব্দ তালিকায় না দেখিয়ে, রাতেই স্থানীয় কয়েকজন মাদক সিন্ডিকেটের সাথে দফারফা করা হয়। অভিযোগ রয়েছে, প্রতি কেজি প্রায় ৬ হাজার টাকা দরে উদ্ধারকৃত পুরো গাঁজা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে একটি কালো রঙের টিআরএক্স মাইক্রোবাসে করে সেই মাদকের চালান সরিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, গাঁজাবাহী কাভার্ডভ্যানটি আটকে রাখার পর তা ছেড়ে দেওয়ার বিনিময়ে চালকের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও জানাজানি

ঘটনার রাতে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের সামনে কাভার্ডভ্যানটি থামিয়ে চালকের কাছ থেকে চাবি কেড়ে নেন এসআই ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান। এরপর গভীর রাতে মহাসড়কের ওই স্থানে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখা যায় এবং তাদের সাথেই পুলিশ কর্মকর্তাদের দেনদরবার চলে।

শনিবার রাতের এই রুদ্ধদ্বার চুরির ঘটনাটি সোমবার (২৯ জুন) সন্ধ্যায় স্থানীয়ভাবে ফাঁস হয়ে গেলে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলের নজরে আসলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওসির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযুক্ত ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য যা বলেন,

  • এসআই মো. ইমাম উদ্দিন: “আমি ওই রাতে দায়িত্বে ছিলাম ঠিকই, তবে গাঁজা উদ্ধার বা তা বিক্রির মতো কোনো ঘটনার সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।”

  • এএসআই হাফিজুর রহমান: “ঐ রাতে ওখানে আমার কোনো ডিউটিই ছিল না। যা জানার ইমাম স্যার জানেন, আমি কিছুই বলতে পারব না।”

  • সদ্য প্রত্যাহৃত ওসি মোহাম্মদ আব্দুল বারী: “মাদকের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। তদন্তে এসআই ইমাম বা এএসআই হাফিজুরের সম্পৃক্ততা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে নিজের প্রত্যাহারের আদেশ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান: “পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

থানার শীর্ষ কর্মকর্তার অপসারণের পর পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এই পুলিশ কর্মকর্তাদের প্রকৃত শাস্তি হবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর