চলমান বিশ্বকাপে অবশেষে সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাচ্ছে ব্রাজিল। মাঠের বাইরে থাকা দলের প্রধান চালিকাশক্তি নেইমার জুনিয়রকে নিয়ে খুশির খবর দিয়েছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। সব ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষেই মাঠে ফিরছেন এই ব্রাজিলিয়ান পোস্টারবয়। তবে নেইমারের ফেরার সুসংবাদের মাঝেই হাইতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া রাফিনিয়াকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার হাইতির বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ আনচেলত্তি নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান:
“আগামীকাল (রবিবার) নেইমার এককভাবে কন্ডিশনিং শুরু করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে স্কোয়াডে পাওয়া যাবে।”
চোটে রাফিনিয়া, নেইমারের ফেরা কেন জরুরি? হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের দিনে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। তার চোট কতটা গুরুতর তা এখনো নিশ্চিত নয়। কোচ জানিয়েছেন, রাফিনিয়ার শারীরিক অবস্থা বুঝতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। রাফিনিয়ার এই আকস্মিক ছিটকে যাওয়ার মুহূর্তে নেইমারের দলে ফেরাটা ব্রাজিলের আক্রমণভাগের জন্য বড় এক সঞ্জীবনী বুস্টিং হতে যাচ্ছে।
লড়াই ও প্রত্যাবর্তনের গল্প গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির (কাফ মাসল) গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। এরপর থেকেই পুনর্বাসন আর ফিটনেস ফিরে পাওয়ার এক দীর্ঘ লড়াই পার করতে হয়েছে তাকে। হাইতি ম্যাচের দিনও তাকে থাকতে হয়েছিল হোটেলবন্দী। তবে সম্প্রতি দলের অনুশীলনে যোগ দিয়ে সতীর্থদের কাছ থেকে ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি।
সতর্ক কোচিং স্টাফ নেইমার মাঠে নামতে মুখিয়ে থাকলেও কোনো ধরনের তাড়াহুড়ো করতে রাজি নয় ব্রাজিলের থিঙ্কট্যাংক। পুরনো চোট যেন নতুন করে জটিলতা তৈরি না করে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে গুঁড়িয়ে দিতে এই ছান্দসিক ফরোয়ার্ডকে যত দ্রুত সম্ভব মাঠে দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।