নারায়ণগঞ্জের ফতুল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও মিছিল করার অভিযোগে রাজনীতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একই সঙ্গে এ মামলায় আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেনকে (১৯)। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তানভীর, জীবন, রাকিব, রকি, মোজাহের মোল্লা, আরিয়ান খান ওরফে আদর, রবি রায়হান, কুতুবপুর ইউনিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি জাহিদ, নেহাল, ইকবাল, রাজিব তালুকদার, অপু, শাকিল, বাবু, জসিম, রাসেল, রিয়াজ, ইমরান, সুমন, তুষার, সফিক, রিয়াজুল, মালেক, আরও একজন সুমন এবং জিহাদসহ মোট ২৭ জন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজেদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য ও সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে একে এম অয়ন ওসমানের প্ররোচনায় দীর্ঘদিন ধরে সংগঠনের প্রচার-প্রচারণায় যুক্ত থাকার অভিযোগও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”