সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দখলদারত্বমুক্ত নারায়ণগঞ্জ গঠনে ছাত্রসমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ৩ টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখার আহ্বায়ক শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা গিয়াসউদ্দিন বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও আদর্শিক ছাত্ররাজনীতির বিকল্প নেই। আদর্শবান তরুণ প্রজন্ম গঠন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা রাখার মাধ্যমে ছাত্র জমিয়ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হাসান মেহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।