শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এই লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে অবস্থিত আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব খেলাধুলার সরঞ্জাম তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম ফয়েজ উদ্দিন। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন ও দাবা সামগ্রী।

ক্রীড়া সামগ্রী হস্তান্তরকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই তাদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটবে না। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি করে, শারীরিক সুস্থতা বজায় রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তোলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কাজেও সমানভাবে এগিয়ে থাকুক। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং তাদেরকে নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করবে।