নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জন মাদক কারবারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ ও র্যাব-১১। অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর মডেল থানার আওতাধীন বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা, ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং ২৫ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মিঠু মিয়া (৪০), পাভেল (৩৭), রবিন হোসেন (৩১), হাসিবুর রহমান জিহাদ (২৬), মাইনদ্দিন (২৫), শরিফ হোসেন (৩৭), রিফাত মিয়া (২৫), দুলাল মিয়া (৪০) এবং দেলোয়ার হোসেন (৬২)।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদক সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।