নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি গেদু মিয়াকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পরিকল্পিত অপপ্রচার ও একটি মামলার ঘটনাকে কেন্দ্র করে তাকে দলীয় পদ থেকে সরানো হয়েছে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গেদু মিয়া দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তার সমর্থকরা। তাদের অভিযোগ, তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে একটি পক্ষ তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ঘটনার সূত্রপাত সম্প্রতি দায়ের হওয়া একটি মাদক মামলাকে ঘিরে। অভিযোগ রয়েছে, গেদু মিয়ার ছেলে হৃদয় মিয়াসহ কয়েকজন কিশোরকে ওই মামলায় জড়ানো হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা শুরু হয়।
গেদু মিয়ার দাবি, এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের সঙ্গে পূর্বের বিভিন্ন বিরোধের জের ধরে তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি ঘটনায় শফিকুল ইসলামকে নিয়ে এলাকাবাসী আপত্তি তুলেছিলেন এবং এরপর থেকেই তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় তার ছেলেসহ কয়েকজনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
গেদু মিয়া আরও বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে যে অভিযুক্তদের মাদক বিক্রির সময় আটক করা হয়েছে। তবে তার ভাষ্য অনুযায়ী, পুলিশ আসার খবর পেয়ে এলাকার কয়েকজন শিশু-কিশোর কৌতূহলবশত ঘটনাস্থলে গেলে তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
অন্যদিকে শফিকুল ইসলামের বোন হাফসা বেগম ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার ভাইয়ের পরিত্যক্ত ভিটায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সেটি তিনি বাড়িতে এনে পুকুরের পানিতে রাখেন। পরে বিষয়টি ভাইকে জানালে পুলিশ আসে। পুলিশের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় কিশোররা সেখানে জড়ো হলে পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়। তবে ওই মালামালের উৎস সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানান।
স্থানীয়দের একটি অংশ প্রশ্ন তুলেছেন—যেখানে উদ্ধার হওয়া বোতলগুলো একটি বাড়ির পুকুরে পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, সেখানে কীভাবে পাশের বাড়ির কিশোরদের বিরুদ্ধে বিক্রির অভিযোগ আনা হলো—এ বিষয়টি তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার বলেন, তিনি মামলার এজাহার এখনো বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। মামলার এক আসামি হৃদয় পলাতক রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে।
আপনার মন্তব্য প্রদান করুন...