দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় বেতনকাঠামো কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বেতন স্কেল প্রণয়ন করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হবে।
সরকার গঠিত পর্যালোচনা কমিটি, যার নেতৃত্বে ছিলেন নাসিমুল গনি, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করে। সেই সুপারিশের আলোকে আগামী মাস থেকেই বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পূর্বে জানিয়েছিলেন, নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
বাজেট বিশ্লেষণে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ সরাসরি বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও নতুন বেতন স্কেল বাস্তবায়নের মূল অর্থ সংস্থান রাখা হয়েছে ‘জনপ্রশাসন-নিট’ খাতে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা, যা আগামী অর্থবছরে বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। ফলে এ খাতে অতিরিক্ত বরাদ্দ বেড়েছে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা।
অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, বাড়তি এই বরাদ্দের মধ্যে প্রায় ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ বাস্তবায়নে ব্যয় করা হবে।
আগামী জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...