শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ১০ হত্যার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মো. সোহেল আহমেদ / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত ১০ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন এ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১০ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ তাদের উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে। এরপর সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত ১২ জনই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা রয়েছেন।

এর আগে গত ১৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। একই আদেশে ১০ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় আন্দোলন চলাকালে কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাকশ্রমিক রাসেল এবং শিশু রিয়াসহ ছয়জন নিহত হন। এছাড়া ২১ জুলাই ফতুল্লার ভূইগড় এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব নিহত হওয়ার ঘটনাও মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় বদিউজ্জামান ও আবুল হাসান নিহত হন। এসব ঘটনাকে বেসামরিক জনগণের ওপর পরিচালিত পরিকল্পিত ও সুসংগঠিত হামলার অংশ হিসেবে উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি মামলাটির অভিযোগ গ্রহণ করা হয়। তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে আদালত আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জের এই ১০ হত্যা মামলা অন্যতম গুরুত্বপূর্ণ। সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে এবং সাক্ষীদের বক্তব্য পরবর্তী রায় প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ১০ হত্যা মামলা রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর