নারায়ণগঞ্জের ফতুল্লায় অক্টো অফিস এরিবস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজর নির্ধারিত টাই না পরায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক স্কুলের প্রধান শিক্ষক ফারুকের বিরুদ্ধে।
এ ঘটনায় শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত জমাট জখম হওয়ায় বিচার ও নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীর মা মেহেরীন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মেহেরীনের ছেলে সূর্য (১৫) এরিবস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে ফারুক (৪৮) নামের প্রধান শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীর মায়ের অভিযোগ, (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে স্কুলের নির্ধারিত টাই না পরার কারণে তার ছেলে সূর্যকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে প্রধান শিক্ষকের অফিসে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে শিক্ষার্থী মাটিতে পড়ে গেলেও তাকে এলোপাতাড়ি বেত্রাঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ, নীলাফোলা ও রক্ত জমাট আঘাতের চিহ্ন দেখা ।
শিক্ষার্থীর মা আরও অভিযোগ করেন, মারধরের কারণে তার ছেলের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে তিনি স্কুলে গিয়ে ছেলের অবস্থা দেখেন। পরে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীর পরিবার বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর মা।
এদিকে আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ ও আঘাতের চিহ্নের ছবি পাওয়া গেছে। তবে এসব আঘাত কীভাবে হয়েছে এবং অভিযোগে বর্ণিত ঘটনার সত্যতা সম্পর্কে জানার জন্য অভিযুক্ত প্রধান শিক্ষক ফারুকের মুঠো ফোন -০১৮১৯২২৭### একাধিক বার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নি।