সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক নেত্রকোনার বারহাট্টায় মৃতকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ

টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

টানা বর্ষণ ও সন্ধ্যার অতিভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার চিত্র দেখা দিয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর আগ্রাবাদ, কাতালগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক, অলিগলি ও আবাসিক এলাকার নিচতলায় হাঁটুপানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ি ঢল, কর্ণফুলী নদীর জোয়ার এবং ভারী বর্ষণ একসঙ্গে অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দিনভর বৃষ্টির পানি খাল ও নালার মাধ্যমে কিছুটা নিষ্কাশিত হলেও সন্ধ্যার পর অতিরিক্ত বৃষ্টির কারণে পানি সরানোর গতি কমে যায়। ফলে নগরের নিচু এলাকাগুলো দ্রুত পানিতে তলিয়ে যেতে শুরু করে।

একই সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং এলাকায়ও পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পতেঙ্গা আবহাওয়া অফিসে সোমবার রাত ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে আমবাগান আবহাওয়া কেন্দ্র একই সময়ের মধ্যে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে।

কাতালগঞ্জ এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, বছরের পর বছর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁর ভাষ্য, সড়ক উঁচু করায় রাস্তায় পানি কম থাকলেও আশপাশের দোকান, গলি ও ভবনের নিচতলা দীর্ঘ সময় পানির নিচে থাকে। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশেই আড়ালে থেকে যায়।

এদিকে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন দল সোমবারও মাঠপর্যায়ে কাজ চালিয়ে যায়। খাল, নালা ও ড্রেনে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা আবর্জনা ও প্রতিবন্ধকতা অপসারণে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা দিনভর অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, বর্ষা মৌসুমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কোথাও পানি জমার খবর পেলেই দ্রুত টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মেয়র আরও বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সব সেবা সংস্থার সমন্বয়ে কাজ চলছে এবং এ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকি করা হচ্ছে। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল-নালা পরিষ্কার রাখা এবং পানি প্রবাহ সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার সকালে মেয়র নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি খাল-নালা ও ড্রেনের পানি প্রবাহ, ঝুঁকিপূর্ণ স্থান এবং চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও মনিটরিং আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়।

তিনি নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ড্রেন, নালা কিংবা খালে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের মতামতও শোনেন এবং যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর