ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।
রোববার রাজধানীতে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, যিনি গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. শামসুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর মহাসচিব আমানতউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান মো. আরব আলী, যুগ্ম মহাসচিব মো. ফরহাদ রেজা, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ হোসেন হৃদয়সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল নতুন নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনবে। তবে ড. মুহাম্মদ ইউনূস সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে তাদের দাবি। তারা অভিযোগ করেন, তার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমান নির্বাচিত সরকারকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও দাবি করেন, দেশে হামের প্রাদুর্ভাবে বহু শিশুর মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকারের দায় রয়েছে। এ বিষয়ে তারা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টা নুরজাহান বেগমের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া নেতারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরকে স্বাগত জানিয়ে এ উদ্যোগের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের ভাষ্য, স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী শক্তির তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।