দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের রাজপথে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নূরুল ইসলাম তেলা। তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় নূরুল ইসলাম তেলা দাবি করেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের রাজপথে থাকা কর্মীদের আজ আর যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমানে দলে নতুন ধরনের প্রভাবশালী ও ‘হাইব্রিড’ পরিচয়ের লোকজনের উপস্থিতি বেড়েছে, যার কারণে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা পিছিয়ে পড়ছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রামের রাজপথে থাকার লোক পাই নাই, আর এখন সুশীলের অভাব নাই, হাইব্রিড বিএনপির লোকের অভাব নাই। পিছের দিনের কথা নেতারা ভুলে গেছে, কর্মীরা হারিয়ে যাচ্ছে। আমরা হলাম বিএনপির দূর সময়ের কর্মী।”
তার এই বক্তব্যে দলীয় রাজনীতির ভেতরে দীর্ঘদিন ধরে সক্রিয় কর্মীদের অবস্থান, নেতৃত্বের মূল্যায়ন এবং সাংগঠনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর মতে, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন ও প্রতিকূল সময়গুলোতে যারা মাঠপর্যায়ে সক্রিয় থাকেন, তাদের প্রত্যাশা থাকে দলীয় পুনর্গঠন বা সাংগঠনিক কার্যক্রমে গুরুত্ব পাওয়ার। কিন্তু অনেক সময় নতুন নেতৃত্ব, নতুন সমীকরণ কিংবা পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় পুরোনো কর্মীদের মধ্যে অবমূল্যায়নের অনুভূতি তৈরি হতে পারে। নূরুল ইসলাম তেলার বক্তব্যেও সেই ধরনের হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে বলে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই প্রতিক্রিয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে ত্যাগী কর্মীদের মনের কথা হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ বিষয়টিকে অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন।