চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কসংক্রান্ত আলোচিত ঘটনার প্রেক্ষাপটে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোলাম সাকলায়েন শিথিলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণের প্রমাণিত অভিযোগ’ বিবেচনায় সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালার আওতায় গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ওই বছরের ১৪ জুন ঢাকার বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। সে সময় ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম সাকলায়েন।
এর কিছুদিন পর ৪ আগস্ট পরীমনির বনানীর বাসভবনে অভিযান চালায় র্যাব। অভিযানে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। একই রাতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক সবুজ আলীকেও আটক করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক ও পর্নোগ্রাফি আইনে একাধিক মামলা দায়ের করা হয়।
অভিযান ঘিরে ব্যাপক আলোচনা চলাকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, অভিযানের কয়েক দিন আগে পরীমনি দীর্ঘ সময় তৎকালীন ডিবি কর্মকর্তা সাকলায়েনের সরকারি বাসভবনে অবস্থান করেছিলেন। টেলিভিশন সংবাদে তাদের বাসায় প্রবেশ ও বের হওয়ার সিসিটিভি ফুটেজও প্রচারিত হয় বলে সে সময় আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে সংযুক্ত করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত আচরণ ও কর্মকাণ্ডের কারণে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ প্রমাণিত হয়। উল্লেখ করা হয়, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। অভিযোগের জবাব ও ব্যক্তিগত শুনানি শেষে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।