মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনাসহ নানা সামাজিক সমস্যা প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বরগুনার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নছোঁয়া সমাজ পরিবর্তন আড্ডা’।
রোববার (১৩ সেপ্টেম্বর) আমতলী পৌরসভা মাঠে আয়োজিত এ আড্ডায় স্বেচ্ছাসেবী তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় করা হয়।
আলোচনায় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে চিহ্নিত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধু সভা-সেমিনার কিংবা আলোচনা করে সমাজের পরিবর্তন সম্ভব নয়। এজন্য তরুণদের মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আলামিন, নারী ও শিশু বিষয়ক সদস্য তন্নি জুলিয়াসহ সংগঠনের সদস্য শাকিল, সোহেল, রিমন, রাকিব, নিলয়, সিফাত ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা স্বপ্নছোঁয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক অবক্ষয় রোধে তরুণদের এমন উদ্যোগ নিয়মিত চালু রাখা প্রয়োজন।