মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাস উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি (আনসার ক্যাম্পের পাশে) এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে। পুলিশ জানায়, উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা দায়ের করে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।