নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার নরসিংপুরে সানী নামক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর গড়ে তোলা গোপন মাদক আস্তানা ও বিভিন্ন অবৈধ অবকাঠামো হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিমনগর ও নরসিংপুর সংলগ্ন দুর্গম ও ঝোপঝাড়পূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে ইট-কাঠের বেড়া দিয়ে একটি সুরক্ষিত গোপন আস্তানা তৈরি করা হয়েছিল। লোকচক্ষুর আড়ালে সেই আস্তানাকে কেন্দ্র করেই চলত মাদক কেনাবেচার রমরমা বাণিজ্য। এর ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ফতুল্লা থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অতর্কিত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে গেলেও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাদক বিক্রির ওই গোপন স্থাপনা, ঘর ও সীমানা প্রাচীর ভেঙে পুরোপুরি গুঁড়িয়ে দেন।
পুলিশের এমন সাহসী ও আকস্মিক পদক্ষেপে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মাদকের উপদ্রবে অতিষ্ঠ থাকা স্থানীয় এলাকাবাসী পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বস্তির সাথে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের আশা, এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকা পুরোপুরি মাদকমুক্ত হবে।
অভিযানের বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে ফতুল্লা থানা পুলিশের এই অভিযান কোনোভাবেই থমকে থাকবে না। ফতুল্লার প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় মাদক নির্মূলে নিয়মিত ও ধারাবাহিক অভিযান চালানো হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।