নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের একমি ওষুধের ডিপোর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রায়হানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা জিপার ব্যাগে রাখা ২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ফতুল্লা মডেল থানার এএসআই মোঃ আব্দুল হামিদ খান এর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। পরে এসআই আশীষ কুমার দাস উদ্ধার করা ইয়াবা জব্দ করেন।
গ্রেপ্তার রায়হান পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাইকারি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।
এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।