নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আবারও পৃথক ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সম্পূর্ণ গোলাপি রঙের এই বিশেষ পিংক বাসে চালক ও কন্ডাক্টর উভয় হিসেবেই দায়িত্ব পালন করছেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নারীদের যাতায়াত নিরাপদ করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়াতে এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, এর আগেও রাজধানীতে নারী যাত্রীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু হলেও বিভিন্ন প্রতিকূলতায় তা নিয়মিত পরিচালিত হয়নি। তবে এবার পূর্ণাঙ্গ নারী কর্মী দিয়ে নতুন উদ্যমে এ সেবা নিশ্চিত করা হচ্ছে, যা নারী যাত্রীদের যাতায়াতে বিশেষ স্বস্তি ফেরাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।