জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে -২ প্রকল্প।
দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা একটি র্যালিতে অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত ম্রং। প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।