নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মনির (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম কোতালেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির পশ্চিম কোতালেরবাগ এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা একাধিক মামলায় মনিরের নাম রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে কোতালেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।