জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের কুড়িরবিল ও দত্তেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭টি চায়না দুয়ারি জাল এবং ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রাতে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।