নেত্রকোনার বারহাট্টায় সাংবাদিক ওমর ফারুককে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বারহাট্টা থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুক সম্প্রতি একটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের জেরে একটি মোবাইল নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি পান বলে অভিযোগ করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ফোনালাপে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগকারী আরও দাবি করেন, কথোপকথনের সময় হুমকিদাতা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, একজন সংসদ সদস্য (এমপি), সাংবাদিক ও পুলিশের নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।
জিডিতে সাংবাদিক ওমর ফারুক উল্লেখ্য করেন, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে, বারহাট্টা থানা জিডিটি গ্রহণ করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে