নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। ঘুমন্ত শিশুর পা জোর করে মুচড়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ জুলাই) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের শিকার শিশুটি কাউসার মিয়া ও সায়েবা বেগম দম্পতির সন্তান। অভিযুক্ত রত্না বেগম সম্পর্কে শিশুটির চাচি এবং কাউসার মিয়ার বড় ভাইয়ের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে শিশুটির মায়ের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ শিশুটির ওপর নির্যাতন চালাচ্ছে। সন্দেহের সত্যতা যাচাই করতে তিনি ঘরের ভেতরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।
ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত নারী ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুটির একটি পা জোরপূর্বক মুচড়ে দেন। এরপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশুর কান্না শুনে তার মা ছুটে এসে ভিডিওটি দেখে ঘটনার বিষয়টি জানতে পারেন।
শিশুটির বাবা কাউসার মিয়া দাবি করেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই তার বড় ভাইয়ের স্ত্রী গোপনে শিশুটির ওপর নির্যাতন করতেন। ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে তিনি জানান, শিশুটির পা ভাঙেনি এবং পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসারও চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পা ভাঙার ঘটনা ঘটেনি। তবে পারিবারিক বিরোধের জেরে শিশুকে নির্যাতনের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।