নেত্রকোনা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো, অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের কৃষিবান্ধব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের পাশে থেকে তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় তিনি আরও বলেন, খুব শিগগিরই প্রতিটি ইউনিয়নের ৭টি করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের যথাযথ স্বীকৃতি মিলবে।
কৃষি ও ধর্মীয় সেবার সঙ্গে সম্পৃক্ত মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
