নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন ফার্মেসিতে অনিয়মবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে প্রচলিত ড্রাগ আইন ও বিধিমালা ভঙ্গের দায়ে তিনটি ঔষুধ বিক্রি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কুতুবপুরের একাধিক ফার্মেসিতে তল্লাশি চালায়। এ সময় বৈধ নিবন্ধন (লাইসেন্স) না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ বিদেশি ওষুধ মজুত ও বিক্রয়সহ বিভিন্ন আইনি অনিয়মের সত্যতা পাওয়া যায়।
অনিয়মের অপরাধে দেলপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ‘তাইয়্যেবা মেডিসিন কর্নার’কে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ার ‘তাসকিয়া মেডিসিন কর্নার’কে ৮ হাজার টাকা এবং পার্শ্ববর্তী ‘তাকওয়া ফার্মেসি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ড্রাগ আইন মেনে ব্যবসা পরিচালনার কড়া বার্তা দেওয়া হয়। ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রশাসন সতর্ক করে দেয় যে, পরবর্তীতে একই অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।