নারায়ণগঞ্জের হাজীগঞ্জে প্রতিষ্ঠিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার দিবাগত শেষরাতে (বুধবার ভোর) ঘটা এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
গ্রেফতারকৃত যুবকের নাম রাব্বি (৩২)। সে ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে এএসআই শাহ জালালের নেতৃত্বে একটি টহল দল চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর নিকটবর্তী স্থানে দায়িত্ব পালন করছিল। ভোর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কয়েকজন দুষ্কৃতকারী স্মৃতিস্তম্ভটি লক্ষ্য করে কাচের বোতলে তৈরি একটি পেট্রোল বোমা (মলোটভ ককটেল) ছুড়ে মারে। বিস্ফোরণের পরই হামলাকারীরা দ্রুত তল্লা রোডের দিকে পালিয়ে যায়।
হামলায় স্মৃতিস্তম্ভটি পেঁচিয়ে রাখা কাপড়ে আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বিড়ম্বনা থেকে স্মৃতিস্তম্ভটি রক্ষা পায়।
ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে লাল স্কচটেপ দিয়ে পেঁচানো এবং সামনের অংশ আংশিক পোড়া একটি কাচের বোতল জব্দ করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার পেছনের মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।